১৫ বছর নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। দুপুর ৩টা ৪০ মিনিটে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নীলফামারীতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোর আওতায় শুরু হয়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিষয়টি দর-কষাকষির পর্যায়ে পৌঁছায়। তবে শ্রমিকদের আন্দোলন ও আলোচনা কমিটির সদস্যদের আপত্তির কারণে গত ফেব্রুয়ারিতে প্রক্রিয়াটি স্থগিত করা হয়।
আরও পড়ুন: জনদুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সড়ক মেরামত করলেন জহিরুল ইসলাম সৌরভ
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে আবারও আলোচনা শুরু হয়। গত জুনে নৌপরিবহন মন্ত্রণালয় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরিত হলো।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর চারটি প্রধান টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। গত অর্থবছরে এ টার্মিনালের মাধ্যমে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার (টিইইউ) ওঠানো-নামানো হয়েছে। এটি চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।
বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে এনসিটি পরিচালিত হচ্ছে। বিদেশি অপারেটরের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিই টার্মিনালটির কার্যক্রম পরিচালনা করবে।
চট্টগ্রাম বন্দরের অন্য তিনটি প্রধান টার্মিনালের মধ্যে জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অন্যদিকে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)।





