চুয়েটে ভিসি নিয়োগ নিয়ে সাদিক কায়েমের সমালোচনা, অপসারণের দাবি

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থী ও শিক্ষকদের অনিচ্ছা সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত উপাচার্য পদে থাকার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে উপাচার্যকে অপসারণের দাবিও জানিয়েছেন ডাকসুর এই ভিপি।

সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাদিক কায়েম অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘সাধারণ শিক্ষক’ পরিচয়ে উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এ ঘটনাকে উপাচার্যের যোগ্যতা ও আচরণের উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি তীব্র সমালোচনা করেন।

আরও পড়ুন: মোহনগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার থেকে

সাদিক কায়েম বলেন, গত আট মাসে বিএনপি সরকার নজিরবিহীনভাবে ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় নেতাদের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে। এসব নিয়োগে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে ছাত্রলীগের ভূমিকার সমালোচনা করে সাদিক কায়েম বলেন, সে সময় অবরুদ্ধ উপাচার্যদের উদ্ধারে ছাত্রলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে দেখা যেত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ও উন্নয়নকাজে ছাত্রলীগ এবং প্রশাসনের মধ্যে ভাগ-বাটোয়ারার অভিযোগও তোলেন তিনি।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় মাদকসহ আটক দুই যুবকের কারাদণ্ড

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের জায়গায় এখন ছাত্রদল প্রশাসনের সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে। তাঁর ভাষায়, এ পরিস্থিতিতে উপাচার্য পদটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। বক্তব্যের শেষাংশে চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে বর্তমান উপাচার্যকে অপসারণের দাবি জানান তিনি।