ভারতে যাওয়ার পথে তামাবিল ইমিগ্রেশনে আ:লীগ নেতা আটক

Shahrier Islam Pallab
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে ভারতে যাওয়ার পথে জৈন্তাপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সিলেট থেকে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কামাল আহমেদ ভারতে যাওয়ার উদ্দেশে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইনঘাট থানার অধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে উপস্থিত হন।

পরে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর থানায় নিয়ে যায়। 

আরও পড়ুন: বোরকা পরে হামলা করতে গিয়ে নিজেই খুন

পুলিশ আরও জানায়, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, কামাল আহমেদ থানা হেফাজতে আছেন। যাচাই-বাছাই করে তার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও সীমান্ত এলাকা থেকে আটক হয়েছিলেন কামাল আহমেদ। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে তার ছোট ভাই সাদেক আহমেদসহ তাকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী সীমান্ত এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।