ইনকোর্স পরীক্ষার খাতা মূল্যায়ন -অনিয়ম হলে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Shahrier Islam Pallab
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:০৮ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই শিক্ষকের টিচার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিএমআইএস) আইডি স্থগিত করা হবে। সম্প্রতি বিভিন্ন কলেজের ইনকোর্স পরীক্ষার খাতা যাচাই করে নম্বর দেওয়ায় অনিয়ম ও মূল্যায়নে গাফিলতির প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন

এতে বলা হয়, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২০টি অনার্স কলেজের ২০২৪ সালের চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র সংগ্রহ করা হয়। বিভিন্ন বিষয় ও পত্রের এসব উত্তরপত্র দৈবচয়নের ভিত্তিতে সংগ্রহ করে বিষয়ভিত্তিক শিক্ষকদের মাধ্যমে যাচাই করা হয়। পুরো কার্যক্রম তদারকি করে একটি যাচাই-বাছাই কমিটি। খাতা যাচাই শেষে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন না করেই নম্বর দেওয়া, প্রাপ্যের চেয়ে বেশি নম্বর প্রদান এবং নির্ধারিত নম্বরের বাইরে গিয়ে খাতা মূল্যায়ন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইনকোর্স পরীক্ষার মোট নম্বর ১৫ হলেও কিছু ক্ষেত্রে ২০ নম্বরের ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। আবার অনেক পরীক্ষায় মানসম্মত প্রশ্নপত্রও তৈরি করা হয়নি। এ ছাড়া উত্তরপত্রের ভেতরে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আলাদাভাবে নম্বর না দিয়ে খাতার ওপরে সরাসরি মোট নম্বর লিখে দেওয়ার ঘটনাও পাওয়া গেছে।

আরও পড়ুন: বোরকা পরে হামলা করতে গিয়ে নিজেই খুন

বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, কিছু শিক্ষক দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করেননি। ফলে শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করার ক্ষেত্রে ত্রুটি থেকে যাচ্ছে। এ পরিস্থিতিতে ইনকোর্স পরীক্ষার খাতা মূল্যায়নের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সতর্ক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আদেশে জানানো হয়েছে, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অধীনে সব বর্ষের ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র বিশ্ববিদ্যালয় ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে যাচাই ও নিরীক্ষা করা হবে। এ সময় মূল্যায়নে অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে। একই সঙ্গে তাঁর টিএমআইএস আইডি স্থগিত করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ইনকোর্স পরীক্ষা যথাসময়ে নেওয়া, মানসম্মত প্রশ্নপত্র তৈরি এবং দায়িত্বশীলতার সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন করা জরুরি। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর সংশ্লিষ্ট সব শিক্ষককে পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়নে আরও সতর্ক এবং দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।