এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও তাদের বাণিজ্যিক জাহাজ ইরানের হামলার হুমকির মুখে পড়লে যেকোনো সময় দেশটিতে ফের সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: সুবিধাজনক সময়ে বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপের আশা ভারতের
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও তাদের জাহাজগুলোকে হুমকির মুখে রাখলে সেই হুমকি মোকাবিলায় শক্তি প্রয়োগ করতে তিনি দ্বিধা করবেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো দ্বিধা নেই। যদিও আমরা বিষয়টি বেশ ভালোভাবে সামলাচ্ছি, তবে পরিস্থিতি যদি অন্য দিকে মোড় নেয়, সে ক্ষেত্রে আমি অবশ্যই পদক্ষেপ নেব। এমনকি এখন, এই মুহূর্তেই তা করতে পারি।’
আরও পড়ুন: ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ
গত পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘পারস্য উপসাগরের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৯ সালের জানুয়ারিতে। সে হিসাবে তাঁর হাতে আরও প্রায় ২৬ মাস সময় রয়েছে। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ইরানের শাসনব্যবস্থা ভেঙে ফেলতে যদি এই সময়টুকুও প্রয়োজন হয়, তাহলে যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রাখবে কি না।
জবাবে ট্রাম্প বলেন, ইরানের শাসনব্যবস্থা এমনিতেই ভেঙে পড়ছে। দেশটির গণমাধ্যমে যা বলা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত।
তিনি দাবি করেন, ইরানে বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৩০১ শতাংশ। দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এবং সরকার সৈন্যদের বেতন দিতে পারছে না। তাঁর ভাষায়, ইরানের সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীও কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে।
সাক্ষাৎকারে ট্রাম্পকে আরও প্রশ্ন করা হয়, তাঁর প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার পরও যদি ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকে, তাহলে সেটি তাঁর জন্য পরাজয় হিসেবে গণ্য হবে কি না।
জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, সেটি একটি পরাজয়ই হবে।’
এদিকে, বৃহস্পতিবার ট্রাম্পের সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
একাধিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির কয়েকটি রাডার ডোম সরাসরি আঘাতের শিকার হয়েছে। এ ছাড়া বিভিন্ন ভবনেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো থেকে বিরত ছিল ইরান। শুক্রবারের হামলার মধ্য দিয়ে আইআরজিসি সেই প্রায় দুই মাসের বিরতির অবসান ঘটিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, আলজাজিরা ও রয়টার্স।





