রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই গ্রিডে যুক্ত হতে পারে ৩০০ মেগাওয়াট

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৩ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি নভেম্বরেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। সব ধরনের নিরাপত্তা ও কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়। কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

আরও পড়ুন: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে এবং প্রযুক্তিগত বা অন্য কোনো সমস্যা কিংবা আকস্মিক সংকট তৈরি না হলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। এর মধ্য দিয়ে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হবে।

এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না। যত দ্রুত সম্ভব সরবরাহ শুরুর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: পায়ুপথে চারটি সোনার ডিম, অন্তর্বাসে সোনার পেস্টসহ আটক ১

তিনি বলেন, জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়ার পর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। সবকিছু ঠিকমতো হচ্ছে কি না, তা দেখা হবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সমস্যা বা ত্রুটি নেই বলে নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

মাহমুদুল হাসান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। তবে তা নির্ভর করবে প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপর। এ কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে গত ১১ অক্টোবর প্রথম ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া (ক্রিটিক্যালিটি) সফলভাবে শুরু হয়। এরপর ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) চুল্লির ক্ষমতা বৃদ্ধির চূড়ান্ত ধাপ বা ‘পাওয়ার স্টার্টআপ (সি-স্টেজ)’ শুরুর অনুমোদন দেয়।

কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়া সাপেক্ষে চলতি সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তা পর্যায়ক্রমে বাড়ানো হবে। প্রথম ইউনিটকে পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১২০০ মেগাওয়াটে নিতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। ২০২৭ সালের এপ্রিল নাগাদ এ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে নিয়মিত পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) দেশে আসছে। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানের ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে।

প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হওয়ার প্রায় এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিট থেকেও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে।