কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:১২ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানাগুলোতে অস্থিরতা অব্যাহত রয়েছে। এরই মধ্যে নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানার মধ্যে সাতটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা

সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকেরা। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।

কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর এবং রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি

পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোশাকশ্রমিকেরা বলেন, ‘আমরা প্রতিদিন কাজের জন্য কারখানায় আসি। কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। আমরা চাই কারখানায় কাজ হোক। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে।

‘আমরা এখন কাজ করতে চাই। কিন্তু প্রতিদিন এসেই কোনো না কোনো ঝামেলা দেখি। সকালে এসেই শুনি কারখানা ছুটি, তাই চলে যাই। আজ আবার দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।’

এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের বিশৃঙ্খলার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে কাজ হচ্ছে না। আজ থেকে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে, সে বিষয়ে সঠিক নোটিশ তাঁদের কাছে পৌঁছায়নি। কারখানাগুলো হয়তো আজই বন্ধ ঘোষণা করেছে।

তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। আজ কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।