গফরগাঁওয়ে বিএনপি নেতার বাড়িতে পুলিশের অভিযান, ভাঙচুরের অভিযোগ

Sadek Ali
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলায় আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি নেতার নেতৃত্বে মিছিল-সমাবেশের কয়েক ঘণ্টা পর গভীর রাতে ওই নেতার বাড়িতে পুলিশের অভিযান ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। দক্ষিণ গফরগাঁও থানার (সাবেক পাগলা থানা) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বসতঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মো. শাহজাহান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের পুলেরঘাট এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও বর্তমান বিএনপি নেতা মো. শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আরও পড়ুন: কুলাউড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিংয়ে যুক্ত হলো চৌধুরী বাজার

এ ঘটনার সময় বাড়ির সুমাইয়া আক্তার নামের এক নারী সদস্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিওতে তাঁকে পুলিশ সদস্যদের কাছে গভীর রাতে বাড়িতে আসার কারণ জানতে চাইতে এবং গেট ভাঙার বিষয়ে প্রশ্ন করতে শোনা যায়। তিনি পুলিশের কাছে ওয়ারেন্ট দেখতে চান এবং কেন বাড়িতে অভিযান চালানো হচ্ছে, তার জবাব দাবি করেন। একপর্যায়ে এক পুলিশ সদস্য তাঁকে থানায় গিয়ে বিষয়টি জানতে বলেন। তবে ওই নারী বাড়িতে এসেই পুলিশের কাছে ঘটনার ব্যাখ্যা চান।

বিএনপি নেতা শাহজাহান জানান, সোমবার (২৩ নভেম্বর) আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় পুলেরঘাট বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিল ও সমাবেশ করেন তাঁরা। পাগলা থানা বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার নির্দেশনায় আয়োজিত ওই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা

শাহজাহানের অভিযোগ, ওই কর্মসূচির পর মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ গফরগাঁও থানার ওসি আমিনুল ইসলাম একদল পুলিশ নিয়ে তাঁর বাড়িতে যান। এ সময় বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বসতঘরে ভাঙচুর চালানো হয়। তাঁর দাবি, স্থানীয় সংসদ সদস্যের  নির্দেশে পুলিশ এ অভিযান চালিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, রাত আনুমানিক ১টার দিকে পুলেরঘাট বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কিন্তু সেখানে পুলিশি তৎপরতা না দেখিয়ে রাত প্রায় ২টার দিকে তাঁর বাড়িতে পুলিশ পাঠানো হয়। তাঁর দাবি, গফরগাঁওয়ে গত তিন মাসে আওয়ামী লীগের অন্তত অর্ধশতাধিক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হলেও সেগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে পুলিশের প্রবেশ, গেট ভাঙা এবং বসতঘরে ভাঙচুরের অভিযোগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।