কুষ্টিয়ায় ট্রাক–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়াতে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই ও সিএনজি চালক জাকারিয়া সরকার (৪০), একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) এবং তার স্ত্রী শিরিনা খাতুন (২০)।
আরও পড়ুন: মহাখালীতে ৪ তলা ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস সড়ক হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
হাসপাতাল প্রাঙ্গণে নিহতদের স্বজনরা জানান, হতাহত সবাই কুষ্টিয়ার খাজানগর এলাকার বাসিন্দা। তারা বাঘা উপজেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
আরও পড়ুন: মহাখালীর ব্রিটিশ টোব্যাকোতে আগুন, চারপাশে আতঙ্ক
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ তা স্বাভাবিক করে।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ–এর অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পর পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।





