আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের চুক্তিভিত্তিক নিয়োজিত আইজিপি বাহারুল আলমের পদত্যাগ করার খবর ছড়িয়ে পড়েছে পুলিশের বিভিন্ন ইউনিটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল আলম জানান, আইজিপির পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও মন্ত্রণালয়ে এখনো কোনো পদত্যাগপত্র জমা পড়ার খবর পাওয়া যায়নি। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই পুলিশ সদর দপ্তরসহ সকল ইউনিটে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেছেন। অনুসন্ধানে জানা যায়, সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে আইজিপি নির্বাচনোত্তর পুলিশের অভ্যন্তরীণ পরিস্থিতি অনুকূল না থাকায় পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এর কিছুক্ষণ পর তিনি অফিস ত্যাগ করে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আইজিপির মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিবকেও দুপুরের পর অফিসে পাওয়া যায়নি।

আইজিপির পদত্যাগের বিষয়টি দাপ্তরিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাহারুল আলম তাঁর পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সাথে আলোচনা করেছেন। সরকারের পক্ষ থেকে তাঁকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন চলছে, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের

পুলিশ সদর দপ্তর ও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপকালে জানা যায়, নির্বাচনের পর থেকেই আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে পুলিশের ভেতরে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। পুলিশের নিজস্ব গ্রুপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুলিশ বাহিনীর অভ্যন্তরে আইজিপিকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে।