ওসি নিয়োগে দালাল চক্রের অনৈতিক প্রলোভনের বিরুদ্ধে ঢাকা রেঞ্জ ডিআইজির ফের সতর্কবার্তা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৪৮ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা রেঞ্জের বাংলাদেশ পুলিশের ডিআইজি কার্যালয়ের মিডিয়া ফোকাল পয়েন্ট পুলিশ সুপার শাহনাজ বেগম, ডিআইজি মহোদয়ের পক্ষে ওসি নিয়োগের বিষয়ে সোমবার পুনরায় সতর্কতামূলক বার্তা প্রদান করেছেন।

থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়নের বিষয়ে গত ১০/০৪/২০২৬ তারিখে ঢাকা রেঞ্জ থেকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে, কোনো থানার ওসি পদে পদায়নের এখতিয়ার সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) মহোদয়ের ওপর ন্যস্ত। এ বিষয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই। প্রশাসনিক কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারগণ পেশাগত মূল্যায়ন, যোগ্যতা এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়ন করে থাকেন।

আরও পড়ুন: অভিযুক্ত মঈন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন: র‍্যাব ডিজি

কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, বিষয়টি স্পষ্টভাবে অবহিত করার পরও কিছু ব্যক্তি ও মহল ঢাকা রেঞ্জের বিভিন্ন থানায় ওসি পদায়নের বিষয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়ের নিকট নানাভাবে অনৈতিক তদবির, অনুরোধ ও সুপারিশ করার চেষ্টা করছে। এমনকি কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে বা প্রভাব খাটানোর কথা উল্লেখ করে নানা অনৈতিক প্রস্তাব প্রদানের অপচেষ্টা চালাচ্ছে।

এ ধরনের তদবির বা আর্থিক প্রলোভনের মাধ্যমে পদায়ন প্রভাবিত করার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, এহেন কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের প্রশাসনিক শৃঙ্খলারও পরিপন্থী। কাজেই, কোনো অনৈতিক তদবির বা প্রভাব বিস্তারের চেষ্টা করে ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়কে বিব্রত না করতে এবং প্রশাসনিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকতে সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন: কহিনুর মিয়াকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি