অবৈধ বালু উত্তোলনে কঠোর প্রশাসন: নিকলীতে জরিমানা ৫ লাখ
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ধনু নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জোরালো অভিযানে এক ড্রেজার জব্দসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায়ে অভিযুক্তকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নিকলী উপজেলার সিংপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় নিকলী থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত ঝটিকা অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ মোঃ সুমন মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আরও পড়ুন: লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ
আটককৃত সুমন মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাকুয়া নেয়ামতপুর গ্রামের মৃত আছম আলীর ছেলে বলে জানা গেছে।
পরবর্তীতে রোববার সকাল ১০টায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। আদালত জরিমানার অর্থ পরিশোধের জন্য বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিলেও নির্ধারিত সময়ের মধ্যে আসামি বা তার স্বজনরা অর্থ পরিশোধে ব্যর্থ হন। ফলে আদালত অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: জীবননগরে কার্ড ছাড়া জ্বালানি নয়, মজুদে কড়াকড়ি
এছাড়া অভিযানে জব্দকৃত ড্রেজারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যা পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, “নদী, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
বিকেলে নিকলী থানা পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিকে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ধনু নদীতে দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান পরিবেশ রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





