ঈদুল আজহা উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দমুখরভাবে উদযাপনের লক্ষ্যে দেশবাসীর প্রতি বিভিন্ন নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। ঈদযাত্রা, কোরবানির পশুর হাট, আর্থিক লেনদেন ও শপিংমলসহ বিভিন্ন বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঈদে ঘরমুখো যাত্রীদের শেষ মুহূর্তের অতিরিক্ত ভিড় এড়াতে আগে থেকেই যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। বাস, ট্রেন, লঞ্চ বা স্টিমারের ছাদে এবং ট্রাক, পিকআপ বা অন্যান্য পণ্যবাহী যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় মবকারীদের কঠোরভাবে দমন করা হবে: ডিএমপি কমিশনার
এছাড়া চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে চাপ না দেওয়া, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ক্লান্ত বা অপেশাদার চালকের হাতে গাড়ি না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। হাইওয়েতে নসিমন, করিমন ও ভটভটির মতো ঝুঁকিপূর্ণ যানবাহন ব্যবহার না করারও পরামর্শ দেওয়া হয়।
ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ ও চুরি-ছিনতাই সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার পাশাপাশি অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঈদুল আজহা সামনে রেখে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা রেঞ্জের বিশেষ সভা
নৌপথে যাত্রীদের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝুঁকি নিয়ে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও নিরাপত্তা সরঞ্জাম রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
কোরবানির পশুর হাট প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসানো যাবে না। পশুবাহী ট্রাক বা নৌযানে অতিরিক্ত পশু বোঝাই না করারও আহ্বান জানানো হয়েছে। পশুর হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ করতে এবং অতিরিক্ত চাঁদা দাবি করা হলে পুলিশকে জানাতে বলা হয়েছে।
পুলিশ আরও জানায়, পশুবাহী যানবাহনের সামনে গন্তব্যস্থলের নাম উল্লেখ করে ব্যানার টানিয়ে রাখতে হবে। কোরবানির পশু বা পণ্যবাহী ট্রাকে কোনো যাত্রী পরিবহন না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়ে জাল টাকার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বিকাশ, নগদ, রকেট বা ইউক্যাশ ব্যবহারের সময় গোপন পিন নম্বর কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
শপিংমল ও মার্কেটের নিরাপত্তায় সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ পুলিশ।
প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্স, হাইওয়ে পুলিশ
প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে : ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৬৯৫৯৮, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) : ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করুন।





