নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক। জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জন্মদিনের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গাজীপুরের পিরুজালী গ্রামে অবস্থিত নুহাশ পল্লীতে মোমবাতি জ্বালিয়ে লেখককে স্মরণ করা হয়। এ সময় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই ছেলেকে নিয়ে নুহাশ পল্লীতে যান। সেখানে লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কেক কাটার আয়োজন রয়েছে।
আরও পড়ুন: ফুলেল শ্রদ্ধা ও মোমবাতির আলোয় হুমায়ূন আহমেদকে স্মরণ
এদিকে হুমায়ূন আহমেদের জন্মদিন ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে তার জন্মস্থান নেত্রকোনা। দিনটি উপলক্ষে লেখক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে জেলা শহর।
তারুণ্যনির্ভর সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লেখকের শিক্ষামূলক উক্তি সংবলিত টি-শার্ট বিতরণ করা হয়।
আরও পড়ুন: দুবাইয়ে ওয়ার্ল্ড আর্ট মেলা, প্রদর্শিত হবে ১০ হাজার শিল্পকর্ম
সকাল ১১টায় বিভিন্ন বয়সী মানুষ হিমু ও রূপা সেজে লেখকের কালজয়ী সিনেমা, নাটক ও গানের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। এতে লেখক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ নেন।
শহরের সাতপাই নদীর পাড়ের চক্ষু হাসপাতাল এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটার আয়োজন করা হয়।
এ ছাড়া সন্ধ্যা ৬টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে গান ও আড্ডার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে। মায়ের প্রথম সন্তান হিসেবে তার জন্মের পর নানা এক মণ মিষ্টি বিতরণ করেছিলেন। নাতির জন্মের স্মৃতি ধরে রাখতে জন্মঘরে নিজের নামফলকও লাগিয়ে রেখেছিলেন তিনি।
হুমায়ূন আহমেদ তার পৈতৃক ভিটা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়।
দীর্ঘ সাহিত্যজীবনে উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখেছেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুর পর থেকে নেত্রকোনায় প্রায় এক যুগ ধরে হিমু পাঠক আড্ডার উদ্যোগে জন্মদিনে ‘হিমু উৎসব’ এবং মৃত্যুবার্ষিকীতে ‘স্মরণ কথন’ আয়োজন করা হচ্ছে।





