সিভিল এভিয়েশন একাডেমিতে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ বৃদ্ধির দাবি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৫:১৩ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে গত ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে “Training Competency Development Framework” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনারে মোঃ মজিবুর রহমান মিয়াজী, ডেপুটি ডিরেক্টর (এটিএম) তার সূচনা বক্তব্যে বলেন, বর্তমান বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থায় নিরাপত্তা, সুরক্ষা ও কার্যকারিতা অনেকাংশেই নির্ভর করে সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতার ওপর। আধুনিক বিমান চলাচল ব্যবস্থায় প্রযুক্তি ও অবকাঠামোর পাশাপাশি দক্ষ মানবসম্পদই নিরাপদ ও কার্যকর অপারেশন নিশ্চিত করার অন্যতম প্রধান ভিত্তি।

আরও পড়ুন: দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদারের ওপর গুরুত্ব: সিভিল এভিয়েশন একাডেমির সেমিনারে বক্তারা

সেমিনারে লিড প্রেজেন্টার হিসেবে জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী, ICAO ইনস্ট্রাক্টর ও পরিচালক, সিভিল এভিয়েশন একাডেমি ICAO-এর প্রশিক্ষণ কাঠামো, TRAINAIR PLUS Programme, এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, ICAO Global Aviation Training (GAT) কর্মসূচি বৈশ্বিক বিমান চলাচল খাতে প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে এসেছে। এই কর্মসূচির আওতায় পরিচালিত TRAINAIR PLUS Programme বিশ্বব্যাপী বিমান চলাচল প্রশিক্ষণের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির মাধ্যমে সদস্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো দক্ষতাভিত্তিক পদ্ধতিতে প্রশিক্ষণ কোর্স উন্নয়ন ও বাস্তবায়নের সুযোগ পায় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদার হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় শিক্ষকদের পক্ষ থেকে এমপি সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা

উল্লেখ্য, সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিক মান বজায় রেখে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকে একাডেমিটি ধারাবাহিকভাবে দেশের বিমান চলাচল খাতে প্রশিক্ষণ প্রদান করে আসছে। ICAO TRAINAIR PLUS এর সদস্য হিসেবে একাডেমিটি ২০২২ সালে পুনরায় সদস্যপদ অর্জনের পর ২০২৪ সালে সিলভার এবং ২০২৫ সালে গোল্ড সদস্যপদ লাভ করে, যা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সক্ষমতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। সেমিনারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন একাডেমি এবং বিমান চলাচল খাতের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন।