ঈদে ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএসসিসির, ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা
ঢাকা, ১ জুন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য সরিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন থেকে শুরু করে তিন দিনে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি।
সোমবার (১ জুন) ডিএসসিসির এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে অপসারিত সব বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে। এ কার্যক্রমের জন্য প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৩ হাজার ৯৪২ টন, কিন্তু বাস্তবে তার চেয়ে ২ হাজার ১৪৪ টন বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
ডিএসসিসির দেওয়া তথ্য অনুযায়ী, ঈদের প্রথম দিনে ১৪ হাজার ৮১৪ টন, দ্বিতীয় দিনে ৮ হাজার ৯৭৭ টন এবং তৃতীয় দিনে ১২ হাজার ২৯৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তিন দিনের মোট বর্জ্য অপসারণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৬ টন।
সংস্থাটি জানিয়েছে, কোথাও বর্জ্য জমে থাকতে দেখা গেলে নাগরিকরা ০১৭০৯৯০০৮৮৮ অথবা ০২২২৩৩৮৬০১৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট এলাকায় বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার
বৃহৎ এ কার্যক্রম পরিচালনায় ডিএসসিসির নিজস্ব জনবল এবং পিসিএসপির কর্মী মিলিয়ে মোট ১৩ হাজার ৪৫৩ জন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্জ্য পরিবহনে ব্যবহার করা হয়েছে ৩৮২টি বিশেষ যান-যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় যানবাহন।
এদিকে ডিএসসিসির নির্ধারিত ৩৫৭টি কোরবানির স্থানে গত তিন দিনে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয়েছে বলেও সংবাদ বার্তায় উল্লেখ করা হয়।





