গেন্ডারিয়ায় গোলাগুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৫:১২ পূর্বাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যায় গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগের মুন্সীরটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন—পথচারী আশা আক্তার (২০), চা দোকানি আলমগীর (৩৩) ও পথচারী সিয়াম (১৮)।

আরও পড়ুন: মিরপুর-১১তে মৃতদেহ গোসলের ঘর নির্মাণ ঘিরে বিরোধ, চাঁদা দাবির অভিযোগ

আহতদের সঙ্গে থাকা লোকজনের দাবি, এলাকায় দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি চলছিল। এ সময় তারা গুলিবিদ্ধ হন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে বলে জানান তিনি।

আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন এবং সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সীরটেকে তাঁর ফুফার চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করছিলেন। এ সময় তাঁর ডান কাঁধে একটি গুলি এসে লাগে।

মাথায় গুলিবিদ্ধ আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তাঁর স্বামীর ওই এলাকায় একটি চায়ের দোকান রয়েছে। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। দোকানের ভেতরে থাকা অবস্থায় তাঁর স্বামীর কপালে গুলি লাগে।

আহত আশা আক্তার বলেন, তিনি ওই এলাকাতেই থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে যান। এ সময় তাঁর ডান পায়ে গুলি লাগে। কারা গোলাগুলি করছিল, তা তিনি জানেন না।

এদিকে পুলিশ বলছে, এ ঘটনায় স্থানীয় ৪০ নম্বর ওয়ার্ডের এক বিএনপি সদস্য জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশের ‘ইনসিডেন্ট রিপোর্টে’ বলা হয়েছে, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য ও তাঁর ভাগ্নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারাই সেখানকার এক অস্ত্রধারীর চাচাকে মারধরের পর বিদ্যুৎ বন্ধ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। গোলাগুলিতে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।