ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ইসলামিক ব্যাংক এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, সুশাসন নিশ্চিত করা এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চাল-ডাল থেকে ক্যামেরা, ৬০ পণ্যের দাম কমানোর পরিকল্পনা বাজেটে
বাংলাদেশ ব্যাংক এর বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যবেক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। একই সঙ্গে তিনি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংককে নিয়মিত তথ্য, মতামত ও পর্যবেক্ষণ প্রদান করবেন।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংক খাতে স্থিতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই ধরনের নজরদারি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রতি আমানতকারীদের আস্থা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: মাথাপিছু আয়ে নতুন রেকর্ড বাংলাদেশের
সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তনের পর কিছু শাখায় অস্থিরতা দেখা দেয় এবং আমানত উত্তোলন বেড়ে যাওয়ায় তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়। এ প্রেক্ষাপটে ব্যাংক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।
বিশ্লেষকদের মতে, দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক এই ব্যাংকের স্থিতিশীলতা পুরো ব্যাংক খাতের আস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





