প্রকাশিত খবরে মনিপুর স্কুল কর্তৃপক্ষের বক্তব্য
ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির অনুমোদন নিয়ে শীর্ষ নিউজ ডটকম এর অনলাইন, ডিজিটাল ভার্সন ও প্রিন্ট ভার্সনে ‘শিক্ষামন্ত্রীর এক ফোনেই কোটি টাকা, শীর্ষক সংবাদে শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষামন্ত্রীর পিএস এবং অনুমোদিত কমিটি নিয়ে এক কোটি টাকা লেনদেন সম্পর্কিত খবর প্রকাশিত হয়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনোদিত বলে প্রতিবাদ জানিয়েছেন মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এড হক কমিটির সভাপতি হামিদুল হক মানিক। এডহক কমিটি অনুমোদনে শিক্ষামন্ত্রী ও তাঁর পিএস’র সঙ্গে টাকা লেনদেন সম্পর্কিত বিষয়ে আমার এবং আমার প্রতিনিধির কোন কথাই হয়নি। জেলা প্রশাসক ঢাকা এবং বিভাগীয় কমিশনার ঢাকা কর্তৃক নিয়ম অনুযায়ী সকল কার্যাদি সম্পন্ন করে শিক্ষাবোর্ডে কমিটি অনুমোদনের জন্য প্রেরন করে। বোর্ড চেয়ারম্যান উক্ত কমিটি অনুমোদন দেয়। পরবর্তীতে একটি স্বার্থনেষী মহল শিক্ষামন্ত্রী ও তাঁর পিএসকে ভুল বুঝানোর চেষ্টা করলে মন্ত্রী মহোদয় প্রথমে কমিটি স্থগিত করে পুনরায় তা অনুমোদনের নির্দেশ দেন। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবর দেশের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান এর সঙ্গে জড়িত শিক্ষক-শিক্ষার্থীর সুনাম ক্ষুন্ন হয়েছে।





