স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ছুটি ২১ দিন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদ্রাসায়।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে (রোববার)। এ ছুটি শেষ হবে ৪ জুন (বৃহস্পতিবার)। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা মোট ১৬ দিনের টানা ছুটি উপভোগ করবে।

আরও পড়ুন: চাকসু পরাজিত ছাত্রদলের জিএস প্রার্থী শাফায়াতের উপস্থিতিতে শিক্ষার্থীকে মারধর

কলেজে ঈদুল আজহার ছুটি ১২ দিনের। এই ছুটিরও আগে-পরে যুক্ত আছে সাপ্তাহিক ছুটি। ফলে টানা ১৬ দিনের ছুটি থাকছে কলেজে।

এদিকে মাদ্রাসায় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে (রোববার) থেকে ছুটি শুরু হচ্ছে এবং শেষ হবে ১১ জুন। তবে ছুটির আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২১ দিনের ছুটি থাকছে মাদ্রাসায়।

আরও পড়ুন: কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতা

এদিকে এবারের ঈদুল আজহার ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার।

গত বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে টানা সাত দিনের সরকারি ছুটির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।

মন্ত্রিপরিষদের ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে—শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটিতে কোনো পরিবর্তন আসছে কি না। তবে সূত্র বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।