২৯৭ আসনের ফলাফলের গেজেট প্রকাশ শুক্রবারই , ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদের ২৯৯ টি আসনের ভোট গ্রহণের পর আজ (শুক্রবার) ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আর এই নির্বাচনে শতকরা ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: ২৯৭ আসনের বেসরকারি ফল: ২০৯ আসনে বিএনপির নিরঙ্কুশ জয়
আখতার আহমেদ বলেন, সারা দেশে মোট ২৯৯টি সংসদীয় আসনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে বলে উল্লেখ করেন তিনি। অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও কোথাও বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটের হার ৫৯.৪৪ শতাংশ: ইসি
তিনি বলেন, ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রস্তুত হওয়ায় সেগুলোর গেজেট আজই প্রকাশ করা হবে। বাকি দুটি আসনের বিষয়ে আইনগত বা কারিগরি প্রক্রিয়া চলমান রয়েছে কি না– সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আইন অনুযায়ী ,গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সাংবিধানিক স্বীকৃতির প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে।





