রূপকথা নয়, এবার রহস্যে ভরা ‘ঠাকুমার ঝুলি’
শৈশবের নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে থাকা ‘ঠাকুমার ঝুলি’ নামটি শুনলেই মনে পড়ে রূপকথার গল্প, পঙ্খিরাজ ঘোড়া, রাক্ষস-খোক্কস আর নানা কল্পকাহিনি। তবে এবার সেই পরিচিত নাম নিয়েই আসছে এক ভিন্নধর্মী গল্প। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেতে যাচ্ছে ‘ঠাকুমার ঝুলি’ নামে একটি নতুন সিরিজ, যেখানে রূপকথা নয়, বরং রয়েছে টানটান গোয়েন্দা রহস্য।
এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এখানে তিনি কোনো গ্ল্যামারাস নায়িকা নন, বরং বিষ্ণুপুরের ষাটোর্ধ্ব এক তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন নারী—গিরিজাবালা সান্যাল। জীবনের নানা অভিজ্ঞতা আর শোক তাকে শিখিয়েছে কম কথা বলে চারপাশকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে। নিঃসঙ্গ জীবনে তার সঙ্গী শুধু তিনটি বিড়াল।
আরও পড়ুন: মালাইকার জীবনে নতুন ‘বিশেষ মানুষ’, নিজেই জানালেন নাম
গল্পে মোড় নেয় যখন বিদেশ থেকে দেশে ফিরে আসে তার নাতনি যাজ্ঞসেনী। নাতনির ফেরার কিছুদিনের মধ্যেই রহস্যজনকভাবে মারা যায় গিরিজাবালার একটি বিড়াল। এরপর এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে ঘটে ভয়াবহ ঘটনা—খুন হন কনে। বিয়ের বাড়ির আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়।
এই পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি নিজের প্রখর বুদ্ধি কাজে লাগিয়ে রহস্যভেদের দায়িত্ব নেন গিরিজাবালা। একের পর এক ঘটনার জট খুলতে গিয়ে সামনে আসে আরও চমকপ্রদ তথ্য। একটি মৃত্যুর পর যখন লাশের সংখ্যা তিনে পৌঁছায়, তখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েন এই ‘গোয়েন্দা ঠাকুমা’।
আরও পড়ুন: তৃষাকে ঘিরে বিতর্কে থালাপতি বিজয়, ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা
সিরিজে শ্রাবন্তী চ্যাটার্জির লুক ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। চরিত্রের প্রয়োজনে তাকে দেখা যাচ্ছে কাঁচাপাকা চুল, আটপৌরে শাড়ি এবং চোখে চশমায়। গ্ল্যামারহীন এই গম্ভীর ও বিচক্ষণ চরিত্রে তার অভিনয় দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।
তবে ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই নস্টালজিক শিরোনামের নিচে এমন রহস্যঘেরা গল্প দেখে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘এমন গোয়েন্দা গল্প হবে ভাবিনি।’ আবার কেউ বলেছেন, ‘ঠাকুমা গোয়েন্দা হয়ে ফিরবেন—এটা কল্পনাতেও ছিল না।’ অন্যদিকে শ্রাবন্তীর নতুন লুকের প্রশংসাও করেছেন অনেক দর্শক।
অয়ন চক্রবর্তীর পরিচালনায় নির্মিত এই সিরিজে শ্রাবন্তী চ্যাটার্জির পাশাপাশি নাতনির চরিত্রে অভিনয় করেছেন দিব্যানী মণ্ডল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে এবং দেবরাজ ভট্টাচার্য।
রূপকথার আবহ আর গোয়েন্দা রহস্যের মিশেলে নির্মিত ‘ঠাকুমার ঝুলি’ আগামী ২০ মার্চ থেকে হইচই প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে।





