অভিনেতা জাহের আলভী কারাগারে
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন জাহের আলভী। পরে দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আদালত আদেশ দেন।
আরও পড়ুন: আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের মাঝেই ট্রলের মুখে কিরণ রাও
শুনানিতে জাহের আলভীর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী অংশ নেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।
জামিন আবেদনে জাহের আলভীর পক্ষ থেকে দাবি করা হয়, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রেমের বিয়ের কারণে ব্যক্তিগত প্রতিহিংসা ও জেদের বশবর্তী হয়ে তাকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। এছাড়া মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়। আবেদনে আরও বলা হয়, মামলাটি দায়েরের সময় তিনি নাটক নির্মাণের কাজে গত ২৫ ফেব্রুয়ারি থেকে নেপালে অবস্থান করছিলেন।
আরও পড়ুন: মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত শোবিজ তারকারা, সামাজিক মাধ্যমে অভিনন্দনের জোয়ার
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্য ও বাসার মালিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
ঘটনার দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইভনাত ইকরার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।





