শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ
ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও ‘জাতীয় ক্রাশ’ খ্যাত রাশমিকা মান্দানা শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে আপাতত তার চলমান সিনেমাগুলোর শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বর্তমানে রাশমিকার হাতে ‘রাণাবলী’ এবং ‘মাইসা’ নামে দুটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলাকালেই তিনি আহত হন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতের কারণে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু (মাসল) পুরোপুরি ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করেন।
আরও পড়ুন: ‘আন্ধার’-এর প্রথম ঝলকেই চমক, নাজিফা তুষির লুকে বাড়ল কৌতূহল
জানা গেছে, সিনেমার প্রয়োজনে রাশমিকা নাচ ও অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। কঠিন শারীরিক কসরতের সময়ই তিনি এই গুরুতর চোট পান।
তবে দুর্ঘটনা বা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি রাশমিকা মান্দানা।
আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে রাহুল সংকৃত্যন পরিচালিত ‘রাণাবলী’ সিনেমায় তার সহশিল্পী বিজয় দেবারাকোন্ডা। এর আগে এই জুটি ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো দর্শকপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।
রাশমিকার সুস্থতা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি সম্পূর্ণ বিশ্রামে থাকবেন এবং সুস্থ হওয়ার পরই শুটিংয়ে ফিরবেন।





