মা হলেন লেডি গাগা, জানা গেল অজানা তথ্য
বিশ্বখ্যাত পপতারকা লেডি গাগার জীবনে এখন নতুন আনন্দের অধ্যায়। বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের মা হয়েছেন এই গায়িকা। তবে গাগার সন্তান জন্মের খবর প্রকাশ্যে এলেও এত দিন অনেকটাই আড়ালে ছিল সন্তানের জন্মপ্রক্রিয়া ও নাম।
বিনোদনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী লেডি গাগা নিজে গর্ভধারণ করেননি। সারোগেসির মাধ্যমে মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের স্বাগত জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মেকানিক্স এর সাবেক গিটারিস্ট ইমরান আর নেই
প্রতিবেদন অনুযায়ী, গত ৯ জুন রাত ১১টা ১৯ মিনিটে (প্যাসিফিক টাইম) লস অ্যাঞ্জেলেসে জন্ম নেয় তাদের কন্যাসন্তান। মেয়ের আইনি নাম রাখা হয়েছে ‘রোজ বিন পোলানস্কি’। এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে গাগার সন্তানের নাম জানানো হয়নি।
সন্তান জন্মের জন্য গাগা কেন সারোগেসির পথ বেছে নিয়েছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে দীর্ঘদিন ধরে গাগা শারীরিক নানা সমস্যার কথা প্রকাশ্যে বলেছেন। তিনি ফাইব্রোমায়ালজিয়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। ২০১৭ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের ডকুমেন্টারি ‘গাগা: ফাইভ ফুট টু’-তে নিজের শারীরিক কষ্ট ও সেই লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন তিনি।
আরও পড়ুন: নগ্নতা ও আপত্তিকর প্রস্তাবে চটলেন রাধিকা আপ্তে
বর্তমানে অবশ্য সেসব কঠিন সময় পেছনে ফেলে নবজাতক কন্যাকে ঘিরেই ব্যস্ত সময় কাটাচ্ছেন গাগা। ২০২৪ সালে মাইকেল পোলানস্কির সঙ্গে তার বাগদান হয়। সন্তান জন্মের পর দুজনেই কিছুটা ব্যক্তিগত পরিসরে সময় কাটাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় পোলানস্কির সঙ্গে গাগাকে দেখা যায়। তার কোলে কাপড়ে মোড়ানো ছিল ছোট্ট রোজ। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়। ছবিটি দেখে অনেকেই তখন ধারণা করেছিলেন, গাগা নিজের সন্তানকে কোলে নিয়েই হাঁটছেন। পরে সারোগেসির মাধ্যমে সন্তানের জন্মের তথ্য প্রকাশ্যে আসে।





