ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:২৯ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর আবারও নির্মাতা আর বাল্কির সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। ২০০৯ সালে ‘পা’ সিনেমার মাধ্যমে যে জুটি দর্শক-সমালোচকদের নজর কেড়েছিল, এবার তারা ফিরছেন সম্পূর্ণ ভিন্ন আবহের একটি তামিল সিনেমা নিয়ে। নতুন এই প্রজেক্টের খবর নিজেই জানিয়েছেন বিদ্যা বালন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চিত্রনাট্য হাতে একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে চশমা পরা এবং পরিপাটি করে বেণী বাঁধা লুকে মনোযোগ দিয়ে স্ক্রিপ্ট পড়তে দেখা যায় তাকে। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে বিদ্যা লিখেছেন, ‘নতুন সূচনা, আর বাল্কির সঙ্গে নতুন তামিল ছবি।’

আরও পড়ুন: দুই সিনেমার মুক্তির ছন্দপতন

বিদ্যার এই পোস্ট থেকেই নতুন সিনেমাটির কাজ শুরুর আভাস পাওয়া গেছে। তবে এখনো ছবিটির নাম, গল্প কিংবা চরিত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। ফলে নতুন এই তামিল প্রজেক্টটি ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।

আর বাল্কি পরিচালিত ‘পা’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সিনেমাটিতে অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালন। তাঁর অভিনয় সে সময় ব্যাপক প্রশংসা পায়। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। দীর্ঘ বিরতির পর পরিচালক ও অভিনেত্রীর এই পুনর্মিলন তাই নতুন করে কৌতূহল তৈরি করেছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।

আরও পড়ুন: মিথিলার পেশাজীবনে নতুন অধ্যায়

এদিকে চলতি বছরও একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা বালন। রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা। সম্প্রতি প্রকাশ করা হয়েছে তাঁর চরিত্রের ফার্স্ট লুক টিজার। ছবিটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এর পাশাপাশি পরিচালক আনিস বাজমির একটি নাম ঠিক না হওয়া কমেডি-ড্রামা সিনেমাতেও অভিনয় করছেন বিদ্যা। সেখানে অক্ষয় কুমার ও রাশি খান্নার সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। সিনেমাটির প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে কেরালায় শেষ হয়েছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।

সব মিলিয়ে, একদিকে একাধিক বাণিজ্যিক সিনেমার ব্যস্ততা, অন্যদিকে ১৭ বছর পর আর বাল্কির সঙ্গে নতুন তামিল প্রজেক্ট—বিদ্যা বালনের ক্যারিয়ারে সামনে আসছে একাধিক নতুন অধ্যায়।