মিথিলার পেশাজীবনে নতুন অধ্যায়

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৩২ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করে আসা রাফিয়াত রশিদ মিথিলা এবার শুরু করলেন পেশাজীবনের নতুন অধ্যায়। ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের পথচলার পর যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। একই সঙ্গে শিক্ষকতাতেও নতুন দায়িত্ব নিয়েছেন এই অভিনয়শিল্পী।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ পদে কাজ করছেন মিথিলা। নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন তিনি। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: গিটার হাতে যে তরুণ ঘর ছেড়েছিলেন, আজ সেই জেমসের জন্মদিন

গবেষণার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও যুক্ত হয়েছেন মিথিলা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পাঠদান করছেন তিনি।

নতুন এই অধ্যায়ের খবর নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন মিথিলা। সেখানে দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। পেশাগত জীবনের দুই দশকের অভিজ্ঞতার মধ্যে প্রায় ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন মিথিলা।

আরও পড়ুন: প্রেক্ষাগৃহে ‘আবার হঠাৎ বৃষ্টি’

নতুন কর্মপরিবেশে নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গবেষণা ও শিক্ষকতার মাধ্যমে কাজের পরিধি আরও বিস্তৃত করতে চান তিনি। জীবনের নতুন এই পথচলায় সবার দোয়া ও শুভকামনা চেয়েছেন মিথিলা।