লাক্সের মঞ্চ থেকে বড় পর্দায়, কেমন কাটছে নাযাহর অভিনয়যাত্রা?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০৬ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
নাযাহ নাওয়ার। ছবিঃ সংগৃহীত
নাযাহ নাওয়ার। ছবিঃ সংগৃহীত

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু। এরপর অভিনয়ে আগ্রহ, অডিশন আর দীর্ঘ অপেক্ষা। সবশেষে ‘ক্যাফে আমব্রেলা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হলো নাযাহ নাওয়ারের। সিনেমাটিতে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের মেয়ে আজরা চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রথম সিনেমাতেই তাঁর লুক, পোশাক ও অভিব্যক্তি দর্শকদের নজর কেড়েছে।  সিনেমাটি দেখে দর্শক আফিয়া নুসরাত ফেসবুকে লিখেছেন, ‘নাযাহকে কিছু দৃশ্যে পাকিস্তানি নায়িকাদের মতো লাগছে। নাযাহর কস্টিউম, লুক, সাহসী এক্সপ্রেশন তাঁর চরিত্রের সঙ্গে ফুটে উঠেছে।’

নিজের অভিনীত কাজ প্রথমবার বড় পর্দায় দেখার অভিজ্ঞতা নিয়ে নাযাহ বলেন, অন্যদের সিনেমা বড় পর্দায় দেখতে গিয়ে একসময় নিজের কাজও এভাবে দেখার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণ হওয়ায় অনুভূতিটা ছিল অন্য রকম।

আরও পড়ুন: শাকিবের বিপরীতে ৩ লাখ, এখন এক সিনেমায় কত পারিশ্রমিক নেন তমা মির্জা?

২০২৩ সালে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ শুরু করেন নাযাহ। এরপর আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’-তে অভিনয়ের সুযোগ পান। যদিও সিরিজটি এখনো মুক্তির অপেক্ষায়, তবে ‘ক্যাফে আমব্রেলা’ দিয়েই দর্শকের সামনে প্রথমবার পর্দায় হাজির হয়েছেন তিনি।

‘অ্যানি’ সিরিজে যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে নাযাহ বলেন, কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হকের কাছ থেকে প্রথম অডিশনের ডাক পান। তখন গল্প, পরিচালক কিংবা চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছুই জানতেন না। প্রথমে অভিনয়ে আগ্রহী না হলেও পরে গল্প শোনার সিদ্ধান্ত নেন। গল্প ও নির্মাতা সম্পর্কে জানার পর অডিশনে অংশ নেন।

আরও পড়ুন: সিজেএফবির বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন চয়নিকা চৌধুরী

তবে নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটি ছিল দীর্ঘ। প্রথম অডিশনের পর এক মাসের বেশি সময় কোনো খবর পাননি। পরে আবার ডাকা হয় তাঁকে। দ্বিতীয় অডিশন, লুক টেস্ট ও ফাইনাল অডিশন শেষে চূড়ান্ত হন নাযাহ।

‘লাক্স সুপারস্টার ২০২৫’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন পাবনার মেয়ে নাযাহ নাওয়ার। তাঁর মতে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর কাজের জায়গায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে। আগে যেসব কাজ করার স্বপ্ন দেখতেন, সেগুলো এখন ধীরে ধীরে বাস্তব হচ্ছে। তবে ব্যক্তিগত জীবনে নিজেকে আগের মতোই মনে করেন তিনি।

নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ—কোন মাধ্যমে কাজ করছেন, সেটিকে প্রাধান্য দিতে চান না নাযাহ। তাঁর কাছে গল্প, বিষয়বস্তু ও নির্মাতাই বেশি গুরুত্বপূর্ণ। ভালো গল্প ও চরিত্র পেলে যেকোনো মাধ্যমে কাজ করতে চান তিনি।

মনস্তাত্ত্বিক থ্রিলার ও প্রেমের গল্পের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তাঁর। পছন্দের নির্মাতাদের তালিকায় আছেন মেজবাউর রহমান সুমন, তানিম নূর, আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও ভিকি জাহেদ। অভিনয়শিল্পীদের মধ্যে বিপাশা হায়াতের অভিনয় ও ব্যক্তিত্ব তাঁকে মুগ্ধ করে।

অভিনয়ে নিয়মিত কাজ করতে চান নাযাহ। তবে বেশি কাজ করার চেয়ে ভালো গল্প ও চরিত্র বেছে নেওয়ায় আগ্রহী তিনি। পাশাপাশি নিজের অভিনয়দক্ষতা বাড়াতেও সময় দিচ্ছেন। এ জন্য বিভিন্ন চরিত্র ও কাজ নিয়ে গবেষণা করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নাযাহ জানান, অভিনয়ের মধ্যেই থাকতে চান তিনি। সামনে কয়েকটি কাজ নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনোটি চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য যে, নাযাহ নাওয়ারের জন্ম পাবনায়। তবে ছোটবেলা থেকেই ঢাকায় বেড়ে উঠেছেন। টঙ্গী পাইলট স্কুল ও মাইলস্টোন কলেজে পড়াশোনা করেছেন। বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) স্নাতক করছেন।