হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৭৭

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১২:৫৬ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে চার শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬৬ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১১১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জন।

আরও পড়ুন: হামের সংক্রমণ বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নিশ্চিত হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ৯৩ জনে অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।