যুক্তরাষ্ট্রের হামলায় হরমুজে ৫ বেসামরিক নাগরিক নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ধ্বংস হওয়া নৌযানগুলো সামরিক নয়, বরং বেসামরিক ছিল বলে দাবি করেছে ইরান। এ ঘটনায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধ্বংস হওয়া ছয়টি নৌযান ছিল পণ্যবাহী ও যাত্রীবাহী বেসামরিক বোট।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ১১৪ ডলার

তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সামরিক কর্মকর্তা জানান, তদন্তে দেখা গেছে—ওমানের খাসাব উপকূল থেকে ইরানের দিকে আসা দুটি ছোট পণ্যবাহী নৌযানের ওপর মার্কিন বাহিনী হামলা চালায়।

ওই কর্মকর্তা মার্কিন পদক্ষেপকে “বিপজ্জনক ও আনাড়ি আচরণ” হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দ্রুতগতির নৌ-অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের ভীতি থেকেই এমন তড়িঘড়ি হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালি সচল রাখতে পরিচালিত অভিযানে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগে ছয়টি ইরানি ফাস্ট-বোট লক্ষ্য করে হামলা চালানো হয়।

এই অভিযানে ‘সি হক’ ও ‘অ্যাপাচি’ অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল বলে জানায় তারা।

ওয়াশিংটনের দাবি, ‘অপারেশন ফ্রিডম’-এর আওতায় নৌপথ নিরাপদ রাখা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে বেসামরিক হতাহতের অভিযোগ ওঠার পর হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।