ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১১
ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনার সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন: ‘আমি কাতারে হামলা করেছি, সেখানে বোমা মেরেছি’
সানান্দাজ শহরের গভর্নর জানান, দুর্ঘটনার পর দ্রুত ট্যাংকারটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে হতাহতদের সংখ্যা জানানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকাজ ও পরিস্থিতি বিবেচনায় এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।
ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন নয়। দেশটির দুর্বল সড়কব্যবস্থা, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
আরও পড়ুন: ভিজিটর ভিসায় যেসব কাজ করা যাবে না, জানাল মার্কিন দূতাবাস
২০১৮ সালে সানান্দাজের কাছে একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হন। যাত্রী ওঠানোর জন্য বাসটি থেমে থাকা অবস্থায় ওই দুর্ঘটনা ঘটে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। সড়কের বেহাল অবস্থা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ২০১৭ সালের মে মাসে ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৮ লাখ আহত হন।





