হাসান নাসরাল্লাহ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আহ্বান ইরানের
হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহ হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। নাসরাল্লাহ হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নাসরাল্লাহ হত্যাকাণ্ডকে ‘জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে বিশ্বের দেশগুলোর প্রতি আন্তর্জাতিক আইন ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তেহরান।
আরও পড়ুন: মার্কিন হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি আরাঘচির
বিবৃতিতে বলা হয়, সময় পেরিয়ে গেলেও ন্যায়বিচারের দাবি কমে যায় না। একইভাবে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলেও অপরাধীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে উল্লেখ করেছে ইরান।
২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হন। তাঁর মৃত্যুর দুই বছর পূর্তি উপলক্ষে লেবাননে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যেই ইরানের পক্ষ থেকে নতুন করে এই আহ্বান জানানো হলো।
আরও পড়ুন: আগ্রাসন হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের শাস্তির দাবি কোনোভাবেই সময়ের সঙ্গে দুর্বল হবে না। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপরও গুরুত্ব দিয়েছে তেহরান।





