জ্বালানি সংকটের আশঙ্কা: ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহণ ব্যবহারের আহ্বান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর সম্ভাব্য প্রভাব দেশের জ্বালানি খাতেও পড়তে পারে—এমন আশঙ্কা থেকে পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় জানানো হয়, বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে নির্ধারিত সময় ও পরিমাণ অনুযায়ী জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা পূরণে সাময়িক সমন্বয়ের প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় পরিদর্শন

মন্ত্রণালয় সূত্রে আরও জানানো হয়, সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদন ও সারের উৎপাদনে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় জনগণের সহযোগিতা কামনা করেছে মন্ত্রণালয়। বিশেষ করে ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে গণপরিবহণ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুন: রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল

অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং বিদ্যুৎ ব্যবহারে সংযম প্রদর্শনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

জরুরি নির্দেশনায় খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রয় বন্ধ রাখতে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ-কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ ও সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ অব্যাহত রয়েছে।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের নেওয়া পদক্ষেপ সফল করতে জনগণকে ধৈর্য ধারণ ও সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।