পেট্রোল পাম্পে নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিপিসি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৪৫ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জ্বালানি তেল বিপণনে ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে, যাতে পুলিশি টহল জোরদার করা হয়।

রোববার (৮ মার্চ) পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশে জ্বালানি তেল বিপণনের পরিস্থিতি এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচারের ফলে ভোক্তা ও গ্রাহকদের মধ্যে অতিরিক্ত জ্বালানি তেল গ্রহণের প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে ডিলাররা বিগত সময়ের তুলনায় অতিরিক্ত পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। এছাড়া কিছু ভোক্তা ডিলার বা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলে খবর প্রকাশ পাচ্ছে।

আরও পড়ুন: গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

এর প্রেক্ষিতে বিপিসি ফিলিং স্টেশন থেকে সরবরাহ সীমিতকরণের জন্য একটি প্রেস রিলিজ জারি করেছে। পাশাপাশি বিদ্যমান সংকটকালীন সময়ে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ক্রেতা ও কর্মচারীদের মধ্যে অনভিপ্রেত ঘটনা ঘটছে।

বিপিসি চিঠিতে উল্লেখ করেছে, দেশের সব ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশি টহল জোরদার করা প্রয়োজন, এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ