কৃত্রিম জ্বালানি সংকট ও পাচার রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে জ্বালানির দাম স্থিতিশীল রাখা হচ্ছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে।
আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি জানান, এসব কর্মকাণ্ড দমনে চিরুনি অভিযানসহ কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলেও উল্লেখ করেন চিফ হুইপ। তিনি বলেন, ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টনের একটি জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন জ্বালানি পথে রয়েছে।
আরও পড়ুন: মোমেন কমিশনে দুদকের তিন মহাপরিচালক ঘিরে বিতর্ক
চিফ হুইপ আরও বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে, যাতে তারা নিজ নিজ এলাকায় কার্যকর পদক্ষেপ নিতে পারেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিং আয়োজন করা হবে।
সংসদ সদস্যদের জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কেউ যেন অপ্রয়োজনে তেল মজুত করতে না পারে এবং কোথাও যেন দাম বৃদ্ধি না পায়, সে বিষয়ে নজর রাখতে হবে।
এদিকে আগামী সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য রাখবেন বলে জানান চিফ হুইপ।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সংরক্ষিত নারী আসনসহ বিভিন্ন বিল নিয়ে ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। পাশাপাশি সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে এসব দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।





