সৈয়দপুর বিমানবন্দর থেকে অসুস্থ ত্রান মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে

Any Akter
হীরা শর্মা, (নীলফামারী) সৈয়দপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:৪১ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে (সোয়া ৮টা) নামার পর তিনি অসুস্থতা বোধ করেন। দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধান সম্পাদক শাহিন আকতার। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে মন্ত্রী আসাদুল হাবিব দুলু সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষুব্ধ পুলিশ অ্যাসোসিয়েশন, মনোবলে আঘাত দাবি

শাহিন আকতার জানান, এ খবর পেয়ে সমাজকল্যানমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাড়ে ১০টার ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে এসে অসুস্থ্য মন্ত্রীকে দেখতে যান। এ সময় তিনি মন্ত্রী দুলুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ বিমানে যাতায়াত ঝুঁকিপূর্ণ মনে করেন চিকিৎসকরা। ফলে বিমানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সূত্রটি জানায়, এদিকে দুপুর ২টা ৫৫ মিনিটে ত্রাণমন্ত্রীকে ঢাকায় নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। পরে ৩টা ৫ মিনিটে তাঁকে নিয়ে এটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহিন আকতার জানান, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) নেওয়া হতে পারে। তিনি এর আগে সেখানেই চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: ফজলুল হক এফসিএ'র কবিতা গ্রন্থ 'আমি তোমাদেরই একজন' এর মোড়ক উন্মোচন