কেএমপি অতিরিক্ত কমিশনার রাশেদুল ইসলাম খানকে প্রত্যাহার
অধস্থন পুলিশ পরিদর্শকদের জনতার সামনে গাছে ঝুলিয়ে মারার ঘোষণা দেওয়া খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রাশেদুল ইসলাম খান কে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের আইজিপি আলী হোসেন ফকির ২০ জুন স্বাক্ষরিত এক অফিস আদেশে কেএমপির দায়িত্ব হস্তান্তর করে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান কর্তৃক এই নির্দেশনায় প্রদান করা হয়। সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কমিউনিটি পুলিশিং সমাবেশে জনতা পুলিশের এসআই ইন্সপেক্টরদের বিরুদ্ধে তথ্যফাঁসের অভিযোগ করেন। উত্তেজিত জনতার মাঝে এ সময় তিনি তথ্য ফাঁস করা কর্মকর্তাদের জনতার সামনে গাছে ঝুলিয়ে মারার ঘোষণা দেন। এতে পুলিশের অদস্তন পর্যায়ের কর্মকর্তাদের মাঝে অসন্তোষ দেখা দেয়। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত বিবৃতিতে এর প্রতিবাদের কথা জানানো হয়।





