জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে এই বাজেট পাস করা হয়। পাস হওয়া নতুন এই বাজেটটি আগামী বুধবার (১ জুলাই) থেকে দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে। এবারের বাজেটে বিনিয়োগ, কর ও ভ্যাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বেশ কয়েকটি বড় পরিবর্তন আনা হয়েছে।
এর আগে, গত সোমবার (২৯ জুন) কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থবিল পাস করে জাতীয় সংসদ। সংশোধিত অর্থবিলের মাধ্যমে সাধারণ মানুষের করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। তবে আবাসন খাতে আগে যে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের বিশেষ সুযোগ ছিল, এবার তা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: সংসদে সাইবার নিরাপত্তা (সংশোধন) বিল পাস, এআই-তৈরি ক্ষতিকর কনটেন্ট অপসারণে কঠোর বিধান
এছাড়া নতুন বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে অর্ধেক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সাথে খুচরা ব্যবসায়ীদের ওপর নতুন করে ভ্যাট আরোপের যে প্রস্তাব করা হয়েছিল, তাও চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে। এই অর্থবিল পাসের মধ্য দিয়েই মূলত কর ও শুল্কসংক্রান্ত সব প্রস্তাবনার চূড়ান্ত রূপ দেওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেটটি পেশ করেছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস, অনলাইন জুয়ায় সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড





