মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:০৯ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার পর ভোট গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আরও পড়ুন: বেবিচকে বেসামরিক বিমান চলাচলের হুমকি ও ঝুঁকি মোকাবিলায় CATRAC-এর ২য় সভা

সিইসির ঘোষণায় জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

আরও পড়ুন: রাষ্ট্রপতির শপথের সঙ্গে সঙ্গে এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

ফল ঘোষণা হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি নির্বাচনে অধিকাংশ সংসদ সদস্য ভোট দিলেও ছয়জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন বা ভোটকেন্দ্রে উপস্থিত হননি। এর মধ্যে পাঁচজন সংসদ সদস্য ভোটকেন্দ্রে উপস্থিত হননি। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক এবং চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ বিরতির পর জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।