বেতন বাড়ানোর দাবিতে উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক আজমপুর ও বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

শ্রমিকদের অবরোধের ফলে বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় অফিসগামী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। অনেক যাত্রী বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট নিয়ে কঠোর হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর

উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক জানান, বুধবার সকালে কয়েকটি কারখানার শ্রমিক আজমপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে তারা বিমানবন্দর সড়কের দিকে সরে যান। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উত্তরা বিভাগের ডিসি শাহজাহান হোসেনের ভাষ্য অনুযায়ী, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে পোশাকশ্রমিকদের একটি অংশ সড়কে বিক্ষোভ করছেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের ফাঁদে পা দেবেন না, অতীত ভুল থেকে শিক্ষা নিন: নাজিম উদ্দিন আলম

এদিকে, উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক একযোগে সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

শ্রমিকদের অবরোধের কারণে দিনের গুরুত্বপূর্ণ সময়ে বিমানবন্দর সড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।