গাজীপুরে আগুনে পুড়ল প্রবাসীর ১৩টি বসতঘর

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০২ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে দুবাইপ্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল এবং দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাইপ্রবাসী নিশাত ঢালীর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মজুরি আন্দোলনে গার্মেন্ট শিল্পে স্থবিরতা

প্রবাসীর স্বজন বাবুল মিয়া জানান, বছর দেড়েক আগে দুবাইপ্রবাসী নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ এ বাড়িটি কেনেন। বাড়ির ঘরগুলো স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকদের কাছে এবং দুটি দোকানের একটিতে খাবার হোটেল ভাড়া দেওয়া ছিল। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে ভাড়া দেওয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে। মুহূর্তেই আগুন পেছনে থাকা বসতবাড়ির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করে, পাশাপাশি শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে প্রত্যেকটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব, ভাঙচুর পুলিশ বক্স ও এপিসি