মানহানি মামলায় ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন
ঢাকার কোতোয়ালি থানায় দায়ের করা মানহানি মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুবিধার্থে দলীয় পদ থেকে এল জিআরডি প্রতিমন্ত্রীর পদত্যাগ
মামলার সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের এক আইনজীবী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।
এর আগে, গত ২১ জানুয়ারি একই মামলায় রাশেদ খান মেনন ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: ঈদ উদযাপন শেষে লন্ডনের উদ্দেশ্যে রওনা জোবাইদা রহমান
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা বিভিন্ন সময় জনসমক্ষে এবং গণমাধ্যমে জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন।
অভিযোগপত্রে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি দাবি করেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে একজন অনুপ্রবেশকারী।’ বাদীপক্ষের দাবি, এসব মন্তব্য জাতীয় নেতার প্রতি অবমাননাকর।
অন্যদিকে, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে, তারা ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। মামলায় আরও উল্লেখ করা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে জিয়া পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করে আসছেন।
আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।





