ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্পের ঘোষণা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনা ইতিবাচক হওয়ায় দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে সম্ভাব্য হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে “খুব ভালো আলোচনা” হয়েছে এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা
ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে। তবে তিনি সতর্ক করে বলেন, এই সিদ্ধান্ত চলমান আলোচনার সফলতার ওপর নির্ভর করবে।
এর আগে, গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেন তিনি। এর জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধে উভয় পক্ষ চুক্তিতে আগ্রহী: ট্রাম্পের দাবি
ট্রাম্পের ঘোষিত সময়সীমা প্রায় শেষ হওয়ার আগেই হামলার পরিকল্পনা স্থগিতের এই ঘোষণা এলো।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান। দেশটির পক্ষ থেকে সাম্প্রতিক সময়েও বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী নয়।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিস্থিতি এখনো অস্থির রয়েছে এবং উভয় পক্ষের অবস্থান ঘিরে অনিশ্চয়তা বজায় আছে।





