সাবেক খতিব মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ রিমান্ড বাতিল ও মুক্তি দাবি দেওনা পীরের
কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনের রিমান্ড বাতিল করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে মুফতি রুহুল আমিনের পারিবারিক ও ধর্মীয় পরিচয় তুলে ধরে তাঁর পিতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর (সদর সাহেব রহ.) দেশ ও জাতি গঠনে অবদানের কথা উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী
বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে এ দেশে ইসলামী শিক্ষা ও সভ্যতার পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আল্লামা শামসুল হক ফরিদপুরী। তিনি যুগসংস্কারক ও ইসলামী রেনেসাঁর অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন। ঢাকার বড় কাটরা আশরাফুল উলুম মাদরাসা, লালবাগ জামিয়া কুরআনিয়া মাদরাসা, ফরিদাবাদ ও গওহরডাঙ্গা মাদরাসাসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর অবদান রয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদ প্রতিষ্ঠা, দাওয়াত ও তাবলিগের মারকাজ গড়ে তোলা এবং বাংলাদেশে বিশ্ব তাবলিগি ইজতেমার প্রচলনেও তিনি ভূমিকা রাখেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের আমলে ইসলামবিরোধী আইনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সদর সাহেব। এ ছাড়া পাকিস্তানে কাদিয়ানি বিরোধী আন্দোলনের সময় আবুল আলা মওদূদীর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত গঠনে তিনি নেতৃত্ব দেন বলে বিবৃতিতে দাবি করা হয়।
আরও পড়ুন: আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ ইসলাম
মুফতি রুহুল আমিন সম্পর্কে বিবৃতিতে বলা হয়, দেশের আলেমদের পরামর্শে তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর স্বেচ্ছায় ওই পদ থেকে ইস্তফা দেন। পরে পিতার প্রতিষ্ঠিত গওহরডাঙ্গা মাদরাসায় প্রিন্সিপাল ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তিনি অতীতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং বর্তমানে কোনো দলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই বলেও বিবৃতিতে দাবি করা হয়।
এতে বলা হয়, সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গত ১৮ নভেম্বর ২০২৬ তাঁকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন। তবে ওই সহিংসতার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।
মুফতি রুহুল আমিন হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তিনি সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে থাকেন। রিমান্ডে থাকায় তাঁর চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে পারে।
এ অবস্থায় মুফতি রুহুল আমিনের রিমান্ড বাতিল ও দ্রুত মুক্তির জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। পাশাপাশি তাঁর সুস্থতা, মুক্তি ও নেক হায়াত কামনায় দেশের মসজিদ-মাদরাসায় খতমে ইউনুস ও খতমে খাজেগান আয়োজন করে দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।





