স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রলবোমা হামলার অভিযোগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সন্দেহের কথা জানান।

আরও পড়ুন: এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

গত বুধবার রাতে কুষ্টিয়ায় নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়িটির টিনের ছাউনির পাঁচটি কক্ষ পুড়ে যায়। আগুনে দুটি ছাগলও মারা যায়। নুসরাত ঘটনাটিকে নাশকতা হিসেবে উল্লেখ করে এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন। তাঁর ধারণা, পেট্রলবোমা হামলার মাধ্যমে বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় সংসদে বৃহস্পতিবার দুই দফায় বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁদের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে কিছু সময়ের জন্য হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে। তবে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে পেট্রলবোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। বাড়িটির বৈদ্যুতিক তারের সংযোগ পুরোনো হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা বেশি।

তিনি আরও বলেন, অধিকতর তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় নুসরাত তাঁর ফেসবুক পোস্টে লেখেন, তিনি ও তাঁর পরিবার নাশকতার শিকার হয়েছেন। সারা দিন নানা ঘটনার পাশাপাশি সংসদীয় পদ্ধতিতে অপরাধ লঘূকরণও দেখেছেন তিনি। এ সময় দলমত ও পেশা-নির্বিশেষে যারা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নুসরাত বলেন, সবকিছুর পরও তিনি সুষ্ঠু তদন্তের আশা করছেন। তবে তাঁর ভাষায়, ‘যদিও আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে আমি সন্দিহান থাকব।’

তিনি আরও অভিযোগ করেন, তদন্ত চলার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তদন্ত প্রতিবেদনে কী থাকতে পারে, সে বিষয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি প্রতিবেদনের ধরন নির্ধারণ করতে চান, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এর বাইরে গিয়ে কাজ করার সাহস পাবেন কি না।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ‘পরিপূর্ণ ব্যর্থ’ বলেও মন্তব্য করেন নুসরাত।

ফেসবুক পোস্টে তিনি অগ্নিকাণ্ডের পর উদ্ধার ও আলামত সংরক্ষণের প্রক্রিয়া নিয়েও একাধিক অভিযোগ তোলেন। নুসরাতের দাবি, আগুন লাগার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেও যোগাযোগ করতে না পেরে তাঁকে ব্যক্তিগতভাবে পুলিশের সঙ্গে কথা বলতে হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির প্রায় তিন ভাগ পুড়ে যায়।

তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও আলামত সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। ফলে বিভিন্ন আলামত পানিতে ধুয়ে যায়। আগুনে পোড়া ও পানিতে ভেজা ঘর প্রায় ১৩ ঘণ্টা পড়ে থাকার পর ফরেনসিক দল ঘটনাস্থলে আসে।

এ ধরনের ঘটনায় আলামত সংগ্রহ ও সংরক্ষণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নুসরাত বলেন, একটি বিস্ফোরণের আলামত সংগ্রহের ক্ষেত্রে যদি এমন অবস্থা হয়, তাহলে ধর্ষণ কিংবা হত্যার মতো অপরাধের কত তথ্যপ্রমাণ যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যেতে পারে।