পাকিস্তান ম্যাচ বয়কট, আইসিসি ডেকেছে জরুরি বৈঠক
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জরুরি বৈঠক ডেকেছে। আইসিসি পাকিস্তানের সম্ভাব্য শাস্তি ও পরিণতির বিষয়ে আলোচনা করবে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশ দলের প্রতি সমর্থন হিসেবে নেওয়া হয়েছে। এই ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সতর্ক অবস্থায় এসেছে।
আরও পড়ুন: মোস্তাফিজ বিতর্ক: বিশ্বকাপে পাকিস্তানের বয়কট, শশী থারুরের কড়া মন্তব্য
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানায়, এই পরিস্থিতিতে আজ ভার্চ্যুয়াল জরুরি বোর্ড বৈঠক ডাকা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিও একই খবর প্রকাশ করেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পাকিস্তানের এমন সিদ্ধান্তের কারণে টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাকিস্তানকে কঠোর শাস্তি দেওয়া হতে পারে, যার মধ্যে রয়েছে বড় অঙ্কের আর্থিক জরিমানা, ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, অন্যান্য দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ সীমিত করা এবং পাকিস্তান সুপার লিগে বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণে বিধিনিষেধ।
আরও পড়ুন: বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত
ভারতের সংবাদমাধ্যম দৈনিক জাগরণ জানিয়েছে, পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়টি জানায়নি। তবে সূত্র মতে, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত জানিয়ে আজই আইসিসিকে ই-মেইল করার পরিকল্পনা রয়েছে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, নির্বাচিত কোনো ম্যাচে অংশ না নেওয়া টুর্নামেন্টের নৈতিকতা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। সংস্থাটি পাকিস্তানকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সরকার জানিয়েছে, ‘২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল অংশগ্রহণের অনুমোদন পাচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে দল মাঠে নামবে না।’
জিও সুপারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় ম্যাচ বয়কটের কারণে সম্প্রচারকারী সংস্থা ও অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের যে ক্ষতি হবে, তার জন্য পিসিবিকে দায়ী করা হতে পারে এবং ক্ষতিপূরণ দাবি করা হতে পারে।





