হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬ | আপডেট: ৬:২৬ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি দেশে ফিরেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৪ জুন) প্রকাশিত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৯টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট।

আরও পড়ুন: বাংলাবাজার পত্রিকার ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করুন সহজেই

হজ অফিস জানিয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী রয়েছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজ পালনকারী রয়েছেন ৫৯ হাজার ৮৮৮ জন।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে মোট ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: দেশের যেসব জেলায় আজ সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এছাড়া ১০ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন।

চলতি মৌসুমে সৌদি মেডিকেল সেন্টারগুলো ৬৬ হাজার ৮৮০ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনায় স্থাপিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ৩২৫ জন হাজিকে বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।