ঢাবির ফলাফল ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ, তদন্তে আইসিটি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে সংশ্লিষ্ট সাব-ডোমেইনে অস্বাভাবিক কনটেন্ট দেখা যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত ফলাফল প্রকাশের প্ল্যাটফর্মে প্রবেশ করলে ইউআরএলের নিচে থাই ভাষায় একটি বার্তা প্রদর্শিত হচ্ছে, যেখানে অনলাইন গেমিং সংক্রান্ত প্রচারণা রয়েছে। যদিও ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করলে স্বাভাবিক নিয়মেই ফলাফল অনুসন্ধানের অপশন দেখা যাচ্ছে।
আরও পড়ুন: সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বিএসসিপিএলসির সতর্কতা
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটিকে সরাসরি ‘হ্যাকিং’ না বলে ‘ম্যালওয়্যার আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছেন। তারা জানান, সংশ্লিষ্ট সাইটটি কেন্দ্রীয় সার্ভারের বাইরে আলাদাভাবে পরিচালিত হওয়ায় নিরাপত্তা দুর্বলতা থেকে এ ধরনের সমস্যা তৈরি হতে পারে।
এদিকে, পূর্বে ওই ওয়েবসাইটের একাধিক পাসওয়ার্ড ফাঁস হওয়ার তথ্যও সামনে এসেছে। ২০২৫ সালে হ্যাকারদের মাধ্যমে অন্তত আটটি পাসওয়ার্ড লিক হয় বলে জানা যায়। এতে ব্যবহারকারীদের ইমেইল, ফোন নম্বরসহ কিছু সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ভুয়া অ্যাপে স্পাইওয়্যার ছড়ানোর অভিযোগ, ব্যবহারকারীকে সতর্ক হোয়াটসঅ্যাপের
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের এক কর্মকর্তা জানান, বিভিন্ন দপ্তরের আলাদা আলাদা ওয়েবসাইট থাকায় সেগুলো মাঝে মাঝে সাইবার আক্রমণের শিকার হয়। বর্তমানে সব সাইটকে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে এটি বাস্তবায়নে সময় লাগবে।
আরেক কর্মকর্তা বলেন, পূর্বের কোনো ম্যালওয়্যার সম্পূর্ণরূপে অপসারণ না হওয়ায় সেটির অবশিষ্ট অংশ থেকে নতুন করে সমস্যা তৈরি হয়ে থাকতে পারে। বিষয়টি শনাক্ত করে সমাধানে কাজ চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দেশের শীর্ষ একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কনটেন্ট প্রদর্শন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান করে নিরাপদভাবে ফলাফল দেখার জন্য বিকল্প প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।





