সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বিএসসিপিএলসির সতর্কতা

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:২১ পূর্বাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে ইন্টারনেট সেবায় সাময়িক বিঘ্ন ও ধীরগতির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চারদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে এ সমস্যা দেখা দিতে পারে।বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-মি-উই-৫ (SEA-ME-WE-5)-এর কনসোর্টিয়ামের উদ্যোগে ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন: ভুয়া অ্যাপে স্পাইওয়্যার ছড়ানোর অভিযোগ, ব্যবহারকারীকে সতর্ক হোয়াটসঅ্যাপের

এই কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন ৮ ঘণ্টা করে চলবে, যা ইন্টারনেট ট্রাফিকে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন বলে জানিয়েছে বিএসসিপিএলসি।

আরও পড়ুন: এবার বাতাস থেকেই তৈরী হবে জ্বালানি

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ চলাকালীন সময়ে তাদের অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিকল্পভাবে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।

বিএসসিপিএলসি আরও জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ে কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনরায় নিশ্চিত করা যায়।