নবীনগর বিএনপির মনোনয়নবঞ্চিত ৭ প্রার্থী এক মঞ্চে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। সারাদেশে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার পর মনোনয়নবঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মিছিল, মিটিং ও সভা-সমাবেশ করছে।
বুধবার (১৯ নভেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় দ্বিধা-ভিভক্তি ভুলে বিএনপির মনোনয়নবঞ্চিত ৭ প্রার্থী একই মঞ্চে উঠেছেন। তাদের দাবি, এ ৭ জনের যেকোনো একজনকে মনোনয়ন দিতে হবে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি
চারভাগে বিভক্ত বিএনপির একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপি সভাপতি ও মনোনয়নপ্রাপ্ত এমএ মান্নান। অপর গ্রুপে রয়েছেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। অন্যটিতে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ। আরেকটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম।
এই চার নেতাসহ মঞ্চে উপস্থিত ৭ নেতা হলেন: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম এতে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: ফেনীর সংঘর্ষ মামলায় রাজধানী থেকে গ্রেফতার বিএনপি নেতা আলমগীর
বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু ছায়েদ, জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।
বক্তারা বলেন, অচিরেই আমাদের পছন্দের প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা চাই, দলীয় হাইকমান্ড মনোনয়ন পরিবর্তন করে তৃণমূল নেতাকর্মীদের মনের ইচ্ছা পূরণ করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন।





